পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ইমরান খানের সতীর্থ জাভেদ মিয়াঁদাদ এক সাক্ষাৎকারের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। পাশাপাশি আরও মানবিক আচরণ করার জন্য পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
চলতি সপ্তাহের শুরুতে সংবাদ শিরোনামে আসেন ইমরান খান। তার ছেলেরা এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, পাকিস্তান সরকার কারাগারে তাদের বাবার সঙ্গে দুর্ব্যবহার করছে এবং সরাসরি সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করছে। তারা দাবি করেন, এক চোখে দৃষ্টিশক্তি হারানোর চিকিৎসার জন্য কর্তৃপক্ষ ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে তার কাছে যেতে দিচ্ছে না।
অন্যদিকে, মিয়াঁদাদ এখন পর্যন্ত ইমরান খানকে নিয়ে প্রকাশ্যে কথা বলা প্রথম পাকিস্তানি ক্রিকেটার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি পাকিস্তানকে এই বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ করব। সেও তো কারও সন্তান। আমি প্রায়ই তার কথা ভাবি, জেলে সে কীভাবে মানিয়ে নিচ্ছে।’
এ সময় আবেগাপ্লুত মিয়াঁদাদ বলেন, ‘খেলার সময় আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। আমরা একসঙ্গে কাউন্টি খেলতাম, আমরা একে অপরকে বুঝতাম। সে পাকিস্তানকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। তাকে এভাবে অবহেলা করা অন্যায়। যা অন্যায়, তা অন্যায়ই। তাকে মুক্তি দিলে কী হবে? সে কি আমাদের জীবন্ত খেয়ে ফেলবে? আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন এই বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়। আমি ইমরানকে চিনি, সে একজন সৎ মানুষ। সে কখনো দুর্নীতিগ্রস্ত ছিল না।’
আন্তর্জাতিক ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের মধ্যে কপিল দেব, সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস ইমরানের প্রতি মানবিক আচরণের জন্য পাকিস্তান সরকারের কাছে দুইবার আবেদন করেছেন।









