আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩ সালে ওয়ানডেতে দুর্দান্ত খেলা ছেলে ও মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ছেলেদের ক্যাটাগরিতে অধিকাংশই ভারতের। তবে মেয়েদের ক্যাটাগরিতে ভারতীয় কোনো খেলোয়াড় স্থান পাননি। ওই তালিকায় স্থান পেয়েছেন চার দেশের ভিন্ন চার খেলোয়াড়।
ছেলেদের ক্যাটাগরির চার জনের তিনজন ভারতের। তারা হলেন ডানহাতি ওপেনার শুভমান গিল, টপঅর্ডার ব্যাটার ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান বিরাট কোহলি এবং পেসার মোহাম্মদ শামি। অপর খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের ডানহাতি টপঅর্ডার ব্যাটার ড্যারিল মিচেল।
মেয়েদের মনোনীতরা হলেন অ্যাশলে ক্যাথেরিন গার্ডনার, চামারি আতাপাত্তু, ন্যাতালিয়া সিভার ব্রান্ট এবং অ্যামেলিয়া কের। ছেলেদের ক্যাটাগরিতে ব্যাটারদের প্রাধান্য থাকলেও মেয়েদের ক্যাটাগরিতে অলরাউন্ডারদের প্রাধান্য রয়েছে।
২০২৩ সালে ভারতের শুভমান গিল দুর্দান্ত সময় পার করেছেন। ২৪ বর্ষী এ ওপেনার ২০২৩ সালে ২৯টি ম্যাচ খেলেছেন। ২৪টি ক্যাচের সাথে ৬৩.৩৬ গড়ে ঈর্ষনীয় ১৫৮৪ রান করেছেন। অসুস্থ থাকায় ঘরের মাঠের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি এ তারকা।
ঘরের মাঠের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে সাইডবেঞ্চ গরম করা মোহাম্মদ শামি বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি। গতবছর ১৯ ম্যাচ খেলে ৪৩ উইকেট শিকার করেছেন ডানহাতি এ পেসার। রান করেছেন ৩৬ এবং ক্যাচ নিয়েছেন তিনটি। বিশ্বকাপে ১০.২৪ গড়ে সর্বাধিক ২৪ উইকেট নেন তিনি।
ব্যাটার কোহলি বিশ্বকাপে একটি উইকেটও শিকার করেছিলেন। ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বাধিক ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি ২৭ ম্যাচ খেলেছেন। ৭২.৪৭ গড়ে ১৩৭৭ রান করেন।
দুর্দান্ত সময় পার করা ড্যারিল মিচেল গত বছর ১২০৪ রান করেছেন। বিশ্বকাপে ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ৬৯ গড়ে ৫৫২ রান করেছেন। ডানহাতি পেস অলরাউন্ডার গত বছর ২৬ ম্যাচ খেলে ৯টি উইকেট এবং ক্যাচ নিয়েছেন ২২টি।
মেয়েদের বর্ষসেরার মনোনয়নে স্থান পাওয়া অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ডানহাতি অলরাউন্ডার। গত বছর দুর্দান্ত সময় কাটানো গার্ডনার ১৩ ম্যাচ খেলে ২৪ উইকেটের সাথে ৬টি ক্যাচও ধরেছেন। তার ব্যাটে রান এসেছে ১৮৮।
শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার চামারি আতাপাত্তুও ভালো সময় কাটিয়েছেন। ৩৩ বর্ষী এ অলরাউন্ডার ম্যাচ খেলেছিলেন ৮টি, উইকেট নিয়েছেন একটি। টপঅর্ডার এ ব্যাটার মোট ৪১৫ রান করেন গত বছর।
নিউজিল্যান্ডের ২৩ বর্ষী অলরাউন্ডার অ্যামেলিয়া কের লেগস্পিন করেন। গত বছর ৯ ম্যাচ খেলা কের বলের চেয়ে ব্যাটেই বেশি অবদান রেখেছেন। ৮ উইকেটের পাশাপাশি ৩টি ক্যাচ নেয়া কের করেছেন ৫৪১ রান।
ইংল্যান্ডের ডানহাতি অলরাউন্ডার নাতালিয়া গত বছর বলের চেয়ে ব্যাটে বেশি অবদান রেখেছেন। ৬ ম্যাচ খেলা কের করেছেন মোট ৩৯৩ রান। ৩ উইকেটের পাশাপাশি নিয়েছিলেন ২টি ক্যাচও। দারুণ এ পারফরম্যান্স অন্য সবাইকে ছাড়িয়ে বর্ষসেরার মনোনয়নে স্থান করে দিয়েছে।









