জন্মদিনে স্ত্রী দুবাই ভ্রমণে যেতে চেয়েছেন, আর তাতে রাজি হননি স্বামী নিখিল খান্না (৩৬)। এতে স্বামীর উপর চড়াও হয়ে নাকে ঘুষি মেরে বসেন স্ত্রী রেনুকা (৩৮)। এতে প্রচণ্ড রক্তক্ষরণে মারা যান স্বামী নিখিল।
শনিবার ২৫ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শুক্রবার ভারতে পুনের ওয়ানাভদি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, ওয়ানাভদির আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। ঘটনার পরই রেণুকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।
পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রেণুকার ইচ্ছে ছিল তার জন্মদিনে নিখিল যেন তাকে দুবাই নিয়ে যান। নিখিল তাতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে নিখিলের নাকে ঘুষি মেরে বসেন রেণুকা।
স্বামীর নাকে তিনি এতটা জোরে ঘুষি মেরেছিলেন যে, ওই আঘাতে নিখিলের নাক ও কয়েকটি দাঁত ভেঙে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
এই দম্পতির মধ্যে আগেও নানা কারণে ঝগড়া-বিবাদ লাগত বলে জানিয়েছে পুলিশ। বিবাহ বার্ষিকীতেও স্বামীর কাছ থেকে উপহার না পাওয়ায় বেজায় চটেছিলেন রেণুকা। এছাড়া তার এক আত্মীয়ের জন্মদিন উপলক্ষে তিনি দিল্লি যেতে চেয়েছিলেন। কিন্তু সে সময়েও রেণুকার আবদার পুরণে নিখিল রাজি হননি। এসব কারণে আগে থেকেই দু’জনের সম্পর্কে ফাটল ধরতে থাকে। যার সবশেষ বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার। পুলিশ রেণুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।









