পচেফস্ট্রুমে ব্যাট হাতে দারুণ করছেন তাওহীদ হৃদয়। সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করে ছুটছেন তিনশোর পথে। তার অপরাজিত ২৭৪ রানের ইনিংসে শেষ দিনের প্রথম সেশন বাংলাদেশের।
রোববার টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৫.১ ওভার ব্যাট করে ৫১২ রান তোলে সাউথ আফ্রিকা এ দল। জবাবে নেমে চতুর্থ দিনের প্রথম সেশন পর্যন্ত ১৬৭ ওভারে ৫৭৬ রান তুলেছে বাংলাদেশ।
৬৪ রানে এগিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন হৃদয় ও রেজাউর রহমান রাজা। হৃদয় ৪১১ বলে ২৭৪ রানে অপরাজিত আছেন, রাজা ব্যাট করছেন ৩৩ বলে ৮ রানে। ৯৪ রান করে আউট হয়েছেন জাকের আলী অনিক, ৮৭ রানে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা ‘এ’। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বাংলাদেশ ‘এ’।









