বিশ্বভারতীর বাংলাদেশ ভবন ও শান্তিনিকেতনের খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির যৌথ উদ্যোগে ৭ ও ৮ ডিসেম্বর দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভা ও হৃদয় মিলন উৎসব পালিত হয়েছে।
বিশ্বভারতীর উপাচার্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই উৎসব পালিত হয়। পাশাপাশি দিল্লি, মুম্বাই, কলকাতা, পাঞ্জাব, এমনকি আসাম ত্রিপুরা থেকেও গুণী শিল্পীদের সমাগমে বৈচিত্র্যের সম্মিলন ছিল চোখে পড়ার মতো।
খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সম্পাদক শ্রী কিশোর ভট্টাচার্য জানান, এই হৃদয় মিলনের মহাযজ্ঞ প্রতি বছরই হচ্ছে। সারা বিশ্বের বাঙালী সমাজের কাছে রবীন্দ্রনাথ ও সুস্থ সংস্কৃতি সঞ্চারিত করাই এই সংস্থার মূল লক্ষ্য। আমেরিকা, ইউরোপ, মধ্য প্রাচ্যের বেশ কিছু উৎসাহী মানুষও তাদের সদস্যপদ গ্রহণ করেছেন।
তিনি জানান, এবারের মিলন মেলা কিছুটা অসম্পূর্ণ রয়ে গেল বাংলাদেশের বন্ধুদের না পাওয়ায়। বাংলাদেশ থেকে এবার প্রায় কোন সদস্য এই আসরে যোগ দেননি। আশা করা যায় দ্রুত এ অবস্থার পরিবর্তন ঘটবে। আবার আমরা সবাই সম্পূর্ণ মিলনের আনন্দ ফিরে পাব।









