পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে ২৪ সেপ্টেম্বর নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।
ফলে ২৪ সেপ্টেম্বর কেউ ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে। তবে ২৪ সেপ্টেম্বর সরকারি ছুটি নয় এবং ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা অনুষ্ঠিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে না। কারণ বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় কোনো দিবসে ছুটি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে থাকে।
এ কারণে কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে। আবার কোনো বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দিনের মতো স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। তাই ছুটির বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।









