মুম্বাইয়ের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে। গেল শনিবার সন্ধ্যায় পূর্ব বান্দ্রায় ছেলের অফিসের বাইরে আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি।
ভারতীয় তারকাদের সঙ্গে বাবা সিদ্দিকীর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। বলিউড বাদশা শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্তসহ অনেকের সঙ্গে এই রাজনীতিবিদের সখ্যতা ছিল। তাইতো ঘটনার রাতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠিসহ অনেকে। তবে দেখা মেলেনি শাহরুখের।
হাসপাতালে যেমন যাননি, তেমনি শেষবিদায় জানাতে এ রাজনীতিবিদের বাড়িতেও যাননি শাহরুখ। তারপর থেকে বিষয়টি নিয়ে জোর আলোচনা হচ্ছে। কিন্তু শেষবিদায় জানাতে কেন গেলেন না শাহরুখ? তবে কি বাবা সিদ্দিকীর সঙ্গে শাহরুখের বন্ধুত্ব কম ছিল?
না, এমনটা না। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘কোনো রাজনীতিবিদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়াতে চান না শাহরুখ খান। এই মামলা সালমান খান ও কিং খানের সঙ্গে জড়িয়ে আছে। এ কারণে দূরে থাকতে চান শাহরুখ। লরেন্স বিষ্ণোই কীভাবে কাজ করছে, তা দেখছেন শাহরুখ। তিনি চান না, তারও কোনো ক্ষতি হোক। ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও এ কারণে বাবা সিদ্দিকিকে শেষবারের মতো দেখতে যাননি শাহরুখ।’
এদিকে বাবা সিদ্দিকীর মৃত্যুর পর অনেকাংশেই ভেঙে পড়েছেন সালমান খান। তার সঙ্গে সখ্যতার কারণেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় প্রাণ গেল বাবা সিদ্দিকির এমনটাই ধারণা করছে সবাই।- ফ্রি প্রেস জার্নাল









