‘কোই মিল গ্যায়া’র ছোট্ট টিনাকে মনে আছে? সেই হংসিকার বয়স এখন ৩০ বছর। ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই শিল্পী।
৪ ডিসেম্বর জয়পুরে হবে বিয়ে। বহুদিনের প্রেমিকের সঙ্গেই বাঁধবেন গাঁটছড়া। কাকে বিয়ে করছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেত্রী। তবে জানা গেছে হংসিকার সঙ্গে সম্পর্ক আছে মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার।
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে বিয়ের নানা অনুষ্ঠান। কাছের বন্ধু আর পরিবারকে নিয়ে জয়পুর যাবেন দম্পতি।’
যতদূর জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা হবে ৪ তারিখ বিকেলে। ২ ডিসেম্বর হবে সুফি নাইট। আর ৩ তারিখ হবে মেহেন্দি আর সংগীতের অনুষ্ঠান।
চার তারিখ রাতেই ক্যাসিনো থিম আফটার পার্টির আয়োজনও থাকছে। জয়পুরের মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ভাড়া করেছেন তারা।
‘কোই মিল গ্যায়া’র পরে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা পান হংসিকা। কাজ করেছেন বলিউডেও। ‘সাকা লাকা বুম বুম’, ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’, ‘সোন পরী’র মতো ধারাবাহিকেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন হংসিকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









