সোনালী ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ।
রোববার ২০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ সোনালী ব্যাংক রাঙ্গামাটি প্রিন্সিপাল শাখার ভবন থেকে মো. রফিকুল ইসলামের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত আছেন।
সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ জানান, আমরা বিকেলের দিকে তার মরদেহ ঝুলে থাকার খবর পেলে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন এই ব্যাংক কর্মকর্তা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ চৌধুরী জানান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসে একজন ব্যাংক কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি আমাদের জানানো হলে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
আগামীকাল সোমবার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।









