ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে ছয়টি সিনেমা, যেগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘চক্কর ৩০২’, ‘জংলি’, ‘দাগি’, ‘জ্বিন ৩’ এবং ‘অন্তরাত্মা’।
সবগুলোর মধ্যে আগ্রহের তুঙ্গে রয়েছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। বরাবরের মতো সেঞ্চুরি হাঁকিয়ে সিনেপ্লেক্স ও দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ইতোমধ্যে ১০০ হল নিশ্চিত করে ফেলেছে ‘বরবাদ’। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী।
শোনা যাচ্ছে, রেকর্ড পরিমাণ রেন্টালে ‘বরবাদ’ নিচ্ছেন সিনেমা হলের মালিকরা। এ প্রসঙ্গে প্রযোজক সুমী বলেন, ১০০ হল কনফার্ম হয়ে গেছে।
”আরও কিছু ছোট সিঙ্গেল স্ক্রিন রয়েছে। দু-একদিনের মধ্যে সেগুলোও কনফার্ম হবে। আসলে বরবাদ এতো বড় ক্যানভাসে নির্মিত হয়েছে তাতে এই রেন্টালটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না। ‘বরবাদ’ এটা ডিজার্ভ করে। তবে হ্যাঁ, এই সময়ের ক্ষেত্রে এই রেন্টাল একটু হাই! এটাও বুঝতে হবে আমাদের সিনেমা হল মালিকরা প্রায় ন’মাস ধরে সেভাবে ব্যবসা করতে পারেননি। তাদের দিকটাও তো আমাদের ভাবতে হবে।”

প্রযোজক সুমী বলেন, আমি নিশ্চিত হয়ে বলছি যারা হাই রেল্টালে বরবাদ নিচ্ছেন, তারা এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। বিগত সিনেমাগুলোর চেয়েও তাদের প্রফিট মার্জিন বেটার থাকবে। তাদেরও টিকে থাকতে হবে। তারা না থাকলে আমরা সিনেমা বানাবো কীভাবে! আমাদের ইন্ডাস্ট্রির বিবেচনায় আমি তো হল মালিকদের প্রেসার ক্রিয়েট করতে পারি না! তারা এই সিনেমাটির জন্যই অপেক্ষায় ছিলেন।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত বরবাদ-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।









