চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে পেপ গার্দিওলার। মেয়াদ শেষে স্প্যানিশ কোচের ভবিষৎ গন্তব্য নিয়ে আলোচনা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অবশ্য বলছে, আগামী মৌসুমেও সিটিতে থাকছেন কিংবদন্তি কোচ।
সূত্রের বরাতে বিবিসি বলেছে, সিটির সঙ্গে আরও একবছর চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন ৫৩ বর্ষী গার্দিওলা। যদিও সিটি এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
২০১৬ সালে সিটিতে আসেন গার্দিওলা। তার অধীনে ৬ বার প্রিমিয়ার লিগসহ ১৮টি শিরোপ জিতেছে সিটি। আছে একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ও। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে ট্রেবলের কীর্তি গড়ে সিটিজেনরা। প্রথম দল হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গড়েছে গার্দিওলার দল।









