বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণের কাছে জ্বালানি ও গ্যাস সরবরাহ করে যাচ্ছে এবং সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
রিজভী বলেন, কোনো বাধা ছাড়াই বিরোধীদল যেভাবে কথা বলছে, বিগত ১৭ বছরে তারা এভাবে কথা বলতে পারেনি। বিএনপির ভিত্তি জনগণ।
জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদলের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, তারা বিক্ষোভ করলেও কীভাবে এই সংকট সহজে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কথা বলছে না।
বিএনপির নামে বিরোধীদল মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এত সংকট মোকাবিলা করেও সরকার জনগণের কাছে জ্বালানি ও গ্যাস সরবরাহ করে যাচ্ছে, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে।
রিজভী দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে। সরকার আন্তরিকতার সঙ্গে বর্তমান সংকট মোকাবিলা করছে এবং অর্থনীতিকে বাঁচাতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বিলাসিতা করে বিরোধীদল বড় বড় বক্তব্য দিচ্ছে, জনগণ এসব বুঝে।
এ সময় তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট সরকার ভারত থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আর দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা এদেশে থেকে তালের পাখা দিয়ে বাতাস করছে।
সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









