র্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না উল্লেখ করে, র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে লুকিয়ে বেঁচে থাকার কোন সুযোগ নেই। তাকে খুঁজে বের করা র্যাবের জন্য কোন বিষয়ই না। র্যাব হচ্ছে মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
বৃহস্পতিবার ২০ জুলাই বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় র্যাব কতৃক আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী র্যাবকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে মাদক ও জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা করেন। সে বিষয়ে কোন ছাড় নেই। তারপরও মাদকের সাথে আমরা পারছি না।
তিনি বলেন, মাদক এখন সকল শ্রেণির মানুষ গ্রহণ করছে। শুধু তাই নয়, আমি যে বাহিনীতে চাকরি করি সেই বাহিনীর সদস্যরাও মাদকের সাথে জড়িত। যে কয়জনকে আমরা চাকরিচ্যুত করেছি তারা এখন ব্যবসা করে। তবে এভাবে চলবে না, কখনোই না। কারণ বাঙালি বীরের জাতি।
এর আগে দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় পৌঁছে র্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন করেন মহাপরিচালক এম খুরশিদ হোসেন।
উদ্বোধন শেষে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন তার নিজ গ্রাম উপজেলার বরাশুর এলাকার র্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে যোগ দেন।









