ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা দুটি মোটিফ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ বলছে, বিস্তারিত ঘটনা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।
আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার দিকে চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে যায়। ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ পরিদর্শন করেছেন।
আজ শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। থানার একটি টিম তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের পর জানা যাবে ঘটনার বিস্তারিত।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, চারুকলায় আগুনের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পৌঁছে একটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে। আগুনের খবর পাওয়া যায় ভোর ৫টা ৫ মিনিটে, ইউনিট পৌঁছায় ৫-১০ মিনিটে, আগুন নিয়ন্ত্রণে আনে ৫-১৪ মিনিটে। তবে আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।









