বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালআ এই আদেশ দেন। আদেশের আগে আসামি সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন, ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
একইসঙ্গে প্রসিকিউশনের অপর একটি আবেদন মঞ্জুর করে আসামী কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১১ মার্চ ধার্য করেন আদালত। শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থান চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় নামে একজন বিক্ষোভকারীকে রাস্তায় টেনে এনে ঠান্ডা মাথায় পিঠে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করার ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হলে ট্র্যাইব্যুনাল তা মঞ্জুর করে আদেশ দেন।









