বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন গাজীপুরের কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এসময় মাঝারি থেকে ভারী জুম বৃষ্টি শুরু হলেও বিক্ষোভ থেকে সরে যায়নি আন্দোলনকারীরা। কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে চলছে বিক্ষোভ।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ করছেন গাজীপুরের কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।
মূলত বিক্ষোভ নিয়ে যমুনার দিকে যেতে অগ্রসর হলে পুলিশ তাদের কাকরাইল মোড়ে আটকে দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ দেখায়।
তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিষদের দাবিতে বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পরই নামে মাঝারি থেকে ভারী জুম বৃষ্টি। তবে প্রবল বৃষ্টিও আন্দোলন থামাতে পারেনি শ্রমিকদের। বৃষ্টির মধ্যেও ছাতা কিংবা আশ্রয় ছাড়াই তারা স্লোগান দিতে থাকেন। প্রায় ২০ মিনিট পর বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসলে তাদের প্রতিবাদের তীব্রতা আরও বেড়ে যায়।
বৃষ্টির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাময়িকভাবে কিছুটা পেছনে সরে গেলেও পরে আবারও তারা আগের অবস্থানে ফিরে আসেন। বিকেল পৌনে ৪টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।
এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে মিছিল বের করেন শ্রমিকরা। কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে এগোলে ৩টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে তারা পুলিশের ব্যারিকেডে আটকে যান। পরে সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন।









