ফ্রান্সে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির ফুটবলার উইসাম বেন ইয়েদার। জেল ও জরিমার সম্মুখীন হচ্ছেন লিগ ওয়ানের ক্লাব মোনাকোর সাবেক ফরোয়ার্ড।
বেন ইয়েদেরের একজন আইনজীবী মঙ্গলবার জানান, ফ্রান্সের একটি আদালত তাকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন এবং ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে পাঁচ হাজার ইউরো দিতে নির্দেশ দেয়া হয়েছে। ওই নারীর চিকিৎসা ব্যয় বহন করতে হবে ৩৪ বর্ষী ইয়েদারকে।
বিচারের সময় ইয়েদার বলেন, তিনি তখন এতটাই মাতাল ছিলেন যে, কোনো ধরনের যৌন নির্যাতনের কথা তার মনে নেই। গত সেপ্টেম্বরে ওই নারী মামলা করার পর বেন ইয়েদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।
গত মৌসুমে মোনাকোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন আছেন বেন ইয়েদার। গত মৌসুমে লিগ ওয়ানে ১৬ গোল ও ৩টি অ্যাসিস্ট করে মোনাকোর দ্বিতীয় হওয়ায় বড় অবদান রাখেন। জাতীয় দল ফ্রান্সের হয়ে খেলেছেন ১৯ ম্যাচ। যার সবশেষটি ২০২২ সালের জুনে।









