বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস।
বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই দেশের দূতাবাস তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। এর আগে চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও তাকে শুভেচ্ছা জানায়।
রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল ঘোষণা করেন। এতে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।
ফ্রান্সের অভিনন্দন
ফ্রান্স দূতাবাসের ফেসবুক পোস্টে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দীর্ঘদিনের অবদানের জন্য প্রবীণ এই রাজনীতিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
দূতাবাসটি জানায়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সুইজারল্যান্ডের শুভেচ্ছা
সুইজারল্যান্ড দূতাবাসও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। দূতাবাসের পোস্টে বলা হয়, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সুইজারল্যান্ড ভবিষ্যতেও কাজ করে যেতে আগ্রহী।









