অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।
আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম ইউএনবি জানিয়েছে, যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আসাদুর রহমান কিরণকে আটক করে বিজিবি।
বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সোমবার (১৮ নভেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে একজন ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছেন।
তথ্যের পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১১টায় শিকারপুর বিওপি’র টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ওই স্থান থেকে আসাদুর রহমান কিরণকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।
আটক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।









