নিউমার্কেট থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউমার্কেট থানার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। পরে শুনানিতে তার জামিন আবেদন নামঞ্জুর করে ৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম।









