জনপ্রিয় মালয়ালাম পরিচালক ও চিত্রগ্রাহক সংগীত শিবান মারা গেছেন। বুধবার (৮ মে) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
সংগীত শিবানের মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই নির্মাতা সন্তোষ শিবান। দিন কয়েক ধরেই কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা গেছে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
চলচ্চিত্র নির্মাতা শিবনের জ্যেষ্ঠ পুত্র সংগীত। মালয়ালম এবং হিন্দি সিনেমাতে তার অবদান অপরিসীম।
সংগীত শিবান ১৯৯০ সালে রঘুবরণ ও উর্বশী অভিনীত মালয়ালাম সিনেমা ‘বিয়োম’ দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। তবে তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘যোদ্ধা’ ব্লকবাস্টার হিট হয়েছিল।
এরপর সংগীতকে আর ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি পরিচালনা করেছেন ‘গন্ধর্বম’ ও ‘জনি’র মতো হিট ছবি। মালয়ালম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন সংগীত। তার পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘জোর’। পরবর্তীতে ‘কেয়া কুল হ্যায় হম’, ‘আপনা স্বপ্না মানি মানি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ ‘ক্লিক’র মতো হিন্দি ছবি পরিচালনা করেছেন তিনি। সবশেষ ২০১৯ সালে তার ‘ভ্রম’ সিনেমা হিন্দিতে মুক্তি পায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস









