বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ ধরে রাখার বেশ ভালো একটি সুযোগ ছিল সেলেসাওদের, পেনাল্টির সুযোগ এসেছিল। ব্রুনো গুইমারায়েস পেনাল্টি মিস করলে, শেষ পর্যন্ত আর বিশ্বকাপে টিকে থাকা হল না নেইমারদের। ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র শট নেননি। পরে তিনি জানালেন, পেনাল্টি কে নেবেন সে সিদ্ধান্ত কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছিলেন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্লিং হালান্ডের শেষ বিশ মিনিটে জোড়া গোলে স্বপ্ন ভেঙেছে ব্রাজিলের। বদলি নেমে শেষে পেনাল্টিতে গোল করে ব্যবধান কমিয়েছিলেন নেইমার। ২-১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নরওয়ে। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ব্রাজিলের, পাওয়া পেনাল্টি মিস করে বসেন গুইমারায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ভিনি, সে বিষয়ে খোলাসা করেছেন।
ভিনি বলেছেন, ‘আনচেলত্তি ম্যাচের আগেই ঠিক করে দেন কে পেনাল্টি নেবে, এবং তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। কারণ সে গত কয়েকদিন ধরে ভালোভাবে অনুশীলন করছিল। দুর্ভাগ্যবশত, খেলায় এমন হয়েই থাকে। ব্রুনো পেনাল্টি মিস করে, কিন্তু আমি আশা করি এটি জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারকে কলঙ্কিত করবে না।’
‘আনচেলত্তি ব্রুনোকে বেছে নেন, আমি কখনোই স্বার্থপর ছিলাম না, কখনোই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হতে চাইনি, সে কারণেই ব্রুনো পেনাল্টি নিয়েছিল।’
‘সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়, এ কারণেই কোচ তাকে বেছে নিয়েছিলেন। ব্যাস, এটুকুই। কখনোই দায়িত্ব এড়িয়ে যাইনি। অনেকে বলবে আমি পেনাল্টি নিতে চাইনি, কিন্তু আমি কখনোই লুকাইনি। কোচ যখন আমাকে বেছে নেন, আমি রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি নেই।’









