লিওনেল মেসি, ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের একজন। সাধারণত তার বিপক্ষে খেলার আগে বেশ ভালোমতো কৌশল ঠিক করতে হয় প্রতিপক্ষ দলের কোচদের। রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সেমিফাইনালে লড়তে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে আলাদাভাবে মেসিকে আটকানোর কথা বললেন ইংল্যান্ড কোচ থমাস টুখেলও।
বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন ইংলিশেদের জার্মান কোচ টুখেল। জানান, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমির ম্যাচে তিনি মেসিকে ম্যান-মার্কিং করার কথা বিবেচনা করেছেন।
টুখেল বলেছেন, ‘এটা ভাবছিলাম, আমরা মেসির উপর পুরনো ধাঁচের সঠিক ম্যান-মার্কিং করব। পরিকল্পনাটা নিয়ে আমরা এগোব কিনা সে ব্যাপারে নিশ্চিত নই, তবে এটা আমার মাথায় এসেছিল। আমার মনে হয়, সে কোন জায়গাগুলোতে নিজেকে মেলে ধরতে চায়, তা সবাই জানে। ব্যাপারটা হল, ম্যাচগুলো বিশ্লেষণ করলে মনে হয়, মাঠের অন্য সবার চেয়ে সে অনেক আগেই সবকিছু দেখতে পায়।’
আসরে মেসির ৮ গোল, এখন ২১ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। টুখেল বলেছেন, ‘ব্যাপারটা অনেকটা এরকম, বলটা তার কাছে আসে, সে ফাঁক খুঁজে নেয়, নিজের বাঁ-পায়ের জন্য জায়গা তৈরি করে নেয় এবং তারপর সর্বোচ্চ পর্যায়ে সমাধানটি কার্যকর করে। আমার মনে হয়, আমরা অবশ্যই তাদের খেলার কিছু ধরন খুঁজে পেয়েছি, কিন্তু আমরা যদি সেই ধরনগুলো বন্ধ করে দেই, তাহলে সে নতুন কোন ধরন খুঁজে নেবে বা তৈরি করে নেবে।’
‘এটাই তার অসাধারণ শক্তি, ব্যাপারটা এমনই। এটি একটি উত্তেজনাপূর্ণ খেলা হতে চলেছে, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা খুবই অনন্য, লিও মেসি এবং তার দলের বিপক্ষে খেলাটাও অনন্য। ইংল্যান্ডের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটাও অনন্য। সবদিক থেকেই এটি একটি বড় ম্যাচ।’









