ফিফার অর্থের অপব্যবহার এবং আর্থিক অসদাচরণের দায়ে দুই ফুটবল ফেডারেশনের সাবেক দুই কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিল।
ফিফা বিবৃতিতে জানিয়েছে, মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রধান ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে ‘পদমর্যাদার অপব্যবহার, স্বার্থের সংঘাত’ এবং ফিফা ও ফেডারেশনের তহবিল নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে। ক্যাসেল এবং এবং তার সাধারণ সম্পাদক তানদিকা হিউজেসকে ২০১১ সালে ফিফার তৎকালীন নৈতিকতা কমিটি অভিযুক্ত করেছিল।
ফিফা জানিয়েছে, মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিল ‘ফিফার কোভিড-১৯ সহায়তা তহবিলের অর্থ ব্যক্তিগত লাভের জন্য অপব্যবহার করার’ দায়ে ফুটবল থেকে বহিষ্কৃত হয়েছেন। মহামারী চলাকালীন ২০২০ সালে ফিফা প্রায় ১.৫০ বিলিয়ন ডলারের অনুদান ও ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছিল। মালদ্বীপের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা থেকে পাওয়া ১.২ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে এ বছর জলিলকে ২৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। স্থানীয় ফুটবল ক্লাবের জন্য বরাদ্দ এই অর্থ দিয়ে মূলত ফ্ল্যাট কেনা হয়েছিল।
ক্যাসেলের বিরুদ্ধে ফেডারেশনের কর্মীদের ‘শারীরিক ও মানসিক সততার ওপর প্রভাব ফেলা’র অভিযোগ আনা হয়েছে এবং তাকে ১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়। মালদ্বীপের জলিলকেও ১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জরিমানা করার নির্দেশ দিয়েছে ফিফা। ফিফা কর্তৃক সাময়িক নিষিদ্ধ হওয়ার দুই বছরেরও বেশি সময় পর এই রায় ঘোষণা করা হলো।
মালদ্বীপ ফেডারেশনের সাবেক অর্থ পরিচালক মোহাম্মদ আকিলকে ১০ বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ১ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। ফিফা জানিয়েছে, আকিলের বিরুদ্ধে ফিফার তহবিলের অপব্যবহারকে ধামাচাপা দেয়া ও সহযোগিতা করা, জাল কাগজপত্র ব্যবহার করা এবং নীতিগত তদন্তে অসহযোগিতা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।









