‘উৎসবে এবার দুই ধরন, ঈদ ও বর্ষবরণ’- এই প্রতিপাদ্য নিয়ে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হার ই-ট্রেডের প্রদর্শনী। পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে আগামীকাল ৭ এপ্রিল ধানমন্ডি সাতাশ নাম্বার রোডের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে আয়োজনটি।
দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশীয় পণ্য নিয়ে অংশ নিচ্ছেন ৬০ জন নারী উদ্যোক্তা। প্রথম দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ ও অভিনেতা, লেখক ও শিল্পী আফজাল হোসেন ও তার সহধর্মিণী তাজিন হালিম। পরদিন দ্বিতীয় ও সমাপনী দিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার সামগ্রী বাদে মেলায় বাকী সবই দেশীয় কাঁচামালনির্ভর পণ্য। মেলায় পাওয়া যাবে হরেকরকম ফেব্রিক ও ডিজাইনের শাড়ি এবং পোশাক থেকে শুরু করে যাবতীয় ফ্যাশন পণ্য, গয়না, বাঁশ ও কাঠের তৈরি ক্রাফটস আইটেম, হোম ডেকর, পাট ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, অর্গানিক খাদ্যপণ্যসহ আরও অনেক কিছু।









