ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না; তাদের কাজ হবে কেবল পর্যবেক্ষণ।
আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর আগে শনিবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের উপ-প্রধান ইন্তা লাসে।
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় চোখে পড়লে তা তাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না যাতে ‘সিকিউরিটি এলার্ট’ জারি করতে হয়।
এদিকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপের বিভিন্ন দেশের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সকালেই দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে রওনা হয়েছেন।
সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতায় পর্যবেক্ষকদের দিকনির্দেশনা দেন দলের উপ-প্রধান ইন্তা লাসে। তিনি জানান, দেশের ৬৪টি প্রশাসনিক জেলার শহর ও গ্রামে গিয়ে ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং তরুণ কর্মীদের সঙ্গে কথা বলবেন পর্যবেক্ষকরা।
নির্বাচনের দিন এই দলে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যোগ দেবেন বলেও জানান তিনি।
ইন্তা লাসে আরও বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত ২০০৫ সালের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের এই পর্যবেক্ষক দল।









