টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার ও দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতি হিসেবে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ পুরস্কার পেয়েছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড।
‘এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এর আয়োজন করে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ। বাংলাদেশে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের নেটওয়ার্ক হিসেবে কাজ করা গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি বিষয়ে শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি ও করপোরেট সম্পৃক্ততার প্ল্যাটফর্ম হিসেবে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে।
এ অর্জন প্রসঙ্গে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, এই স্বীকৃতি আমাদের টেকসই ও ভবিষ্যৎ উপযোগী উৎপাদনশিল্প খাত গড়ে তোলার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, আমাদের কাছে টেকসই উন্নয়ন শুধুমাত্র নিয়ম মেনে চলার বিষয় নয়; বরং এটি উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে প্রভাব তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়।
ভবিষ্যতেও বাংলাদেশে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রসার এবং টেকসই উন্নয়নে আরও উচ্চতর মানদণ্ড প্রতিষ্ঠায় এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড কাজ করে যাবে বলে জানান তিনি।









