ব্রাজিলে নিষিদ্ধ করা হয়েছে ইলন মাস্কের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। আদালতের আদেশ অনুযায়ী বেঁধে দেওয়া সময়ের মধ্যে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।
বিবিসি জানিয়েছে, গতকাল (৩০ আগস্ট) শুক্রবার ব্রাজিলে এক্সকে অবিলম্বে ও সম্পূর্ণভাবে স্থগিতের আদেশ দিয়ে দেশটির সুপ্রিম কোর্ট জানায়, যতদিন না এক্স আদালতের সমস্ত আদেশ মেনে চলে ও বিদ্যমান জরিমানা প্রদান করবে, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ব্রাজিলের আইন অনুযায়ী, সকল সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিল থেকে তাদের প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সুপ্রিম কোর্টের বিচারপতি মোয়ারেস তাদের ওই প্রতিনিধিকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন।
চলতি বছরের এপ্রিলে ভুয়া তথ্য ছড়ানোর দায়ে একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন ওই বিচারপতি। তখন থেকেই ব্রাজিলে এক্স নিয়ে বিতর্ক শুরু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এক্স প্রধান ইলন মাস্ক বলেন, বিচারপতি স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর মতো ব্যবহার করছেন।









