২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে। ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ, রোববার।
তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত বর্ষপঞ্জি থেকে এই তথ্য জানা গেছে।
এছাড়া, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ থেকে কলেজগুলোতে পাঠদান কার্যক্রম শুরু হবে।

বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন বন্ধ থাকবে কলেজ।
এছাড়া শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের ছুটি থাকবে। প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত তিন দিনের ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী প্রদান করা যাবে।









