এপ্রিলে ঈদুল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ ঈদে টানা ৫ থেকে ৬ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
গতকাল মঙ্গলবার অর্থাৎ ১২ মার্চ শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। ঈদুল ফিতরের দিন সাধারণত ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সেই হিসাবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকবে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তারপর দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। তাই ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
আর রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল, মঙ্গলবার থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করবেন।
অন্যদিকে ঈদ সামনে রেখে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। অর্থাৎ টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর আগামী ৪ এপ্রিল শুরু হবে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষ্যে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন পণ্য পরিবহনসহ কোন সেক্টরে কোন ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। সকল ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।









