যুক্তরাষ্ট্রে ডিমের দাম আবারও রেকর্ড গড়েছে। জানুয়ারিতে দেশটির শহরগুলোতে এক ডজন গ্রেড-এ ডিমের গড় মূল্য দাঁড়িয়েছে ৪.৯৫ ডলার, যা ২০২৩ সালের আগের সর্বোচ্চ ৪.৮২ ডলারকেও ছাড়িয়ে গেছে।
মাত্র দেড় বছরের ব্যবধানে এ দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে, কারণ ২০২৩ সালের আগস্টে এক ডজন ডিমের দাম ছিল মাত্র ২.০৪ ডলার। বিশেষ করে বড় শহরগুলোর ক্ষেত্রে এই মূল্য আরও চড়া, কোথাও কোথাও এক ডজন ডিমের দাম ১০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
মূল্য বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বার্ড ফ্লু মহামারি। এই ভাইরাস যখনই কোনো খামারে ছড়িয়ে পড়ে, তখন পুরো খামারের মুরগিগুলো নিধন করা হয় যাতে সংক্রমণ অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। অনেক বড় খামারে লাখ লাখ মুরগি থাকায় একবার সংক্রমণ শনাক্ত হলে বিশাল পরিমাণ মুরগি নিধন করতে হয়, যা ডিমের সরবরাহ সংকটে বড় প্রভাব ফেলছে।
সরকারি হিসাব অনুযায়ী, জানুয়ারিতে এই ভাইরাসের কারণে প্রায় ২৩ মিলিয়ন এবং ডিসেম্বর মাসে ১৮ মিলিয়ন মুরগি নিধন করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই ডিম উৎপাদনকারী মুরগি। ডিম উৎপাদনের ব্যয়ও বেড়ে গেছে। ফিড, জ্বালানি এবং শ্রমের খরচ আগের চেয়ে অনেক বেশি হওয়ায় উৎপাদকরা উচ্চমূল্যে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন বছর শুরু হলেও ব্যয়ের ঊর্ধ্বগতি কমার কোনো লক্ষণ নেই, যা ভবিষ্যতেও ডিমের দামে প্রভাব ফেলতে পারে। এছাড়া, যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে নতুন আইনের কারণে খাঁচামুক্ত ডিমের উৎপাদন বাধ্যতামূলক করা হয়েছে, যা আরও সংকট তৈরি করছে। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নেভাডা, ওয়াশিংটন, ওরেগন, কলোরাডো এবং মিশিগানে এখন শুধুমাত্র খাঁচামুক্ত ডিম বিক্রি করা যাচ্ছে। এতে করে ডিমের সরবরাহ কমে যাচ্ছে এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ সংকট তীব্রতর হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ডিমের দাম আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মতে, এ বছর ইস্টারের সময় ডিমের দাম আরও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ইতোমধ্যেই কিছু দোকানে ডিম বিক্রির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যাতে সংকট আরও প্রকট না হয়।
এই মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে, যারা ইতোমধ্যেই মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই মূল্যবৃদ্ধির কারণে আরও বিপাকে পড়ছে। এখন দেখার বিষয়, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংকট সামাল দিতে কী পদক্ষেপ নেয় এবং বাজার কখন স্বাভাবিক হতে পারে।









