সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় ‘চাঁদমামা’ গান দিয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী দোলা রহমান এবার সিনেমার বাইরে নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন। ‘কিসমত’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডি রকস্টার নিলয়।
রবিবার সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘কিসমত’ প্রকাশিত হয়েছে। বর্তমানে স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আদিব কবিরের। পাশাপাশি র্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি।
পার্টি মুডের এই গানের ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। এতে দোলা ও নিলয় নিজেরাই পারফর্ম করেছেন। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।
‘কিসমত’ প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই হৃদয়ের মধ্যে একধরনের কম্পন তৈরি হবে। স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে। আসিফ ইকবালের লেখা বরাবরই আমার ভালো লাগে। এবারও তাঁর কথায় গানটি তৈরি হয়েছে। সব মিলিয়ে সিনেমার আইটেম গানের মতোই এটি—যা শুনলে সবাই মিলে নাচতে ইচ্ছা করবে।
প্রিয়তমা-খ্যাত গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়নার পর আমরা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি প্রাণবন্ত হয়েছে। আমার বিশ্বাস, ‘কিসমত’ দর্শকদের নতুন করে আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’
গানটি নিয়ে আশাবাদী নিলয়ও। তিনি বলেন, ‘কিসমত দারুণ একটি ডান্স নাম্বার। গানটির শুটিংয়ের সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও আমাদের সঙ্গে গানের তালে নাচবেন। ‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’









