বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ পর্তুগাল ডিফেন্ডার রুবেন ডিয়াস। তার মতে, এসব সমালোচনা অহেতুক ও অবান্তর।
ডিয়াস বলেছেন, ‘এটা আমাদের জন্য কোন সমস্যা নয়। এগুলো অহেতুক ও অবান্তর বিষয়, কিছু আলোচনা আর শোরগোল মাত্র। ফুটবলে এসব থাকেই।’
৪১ বর্ষী রোনালদো ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি, তার কোন শটও লক্ষ্যে ছিল না। এরপর অনেক বিশ্লেষক ও সাবেক ফুটবলার তার প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফ্রান্স সাবেক থিয়েরি অঁরি মন্তব্য করেছেন, ‘দলের লক্ষ্য হওয়া উচিত গোল করা, ব্যক্তিগতভাবে গোল করা নয়।’
সমালোচনাকে স্বাভাবিক মনে করছেন ডিয়াস। বলেছেন, ‘ক্রিস্টিয়ানো অবশ্যই সবার নজরের কেন্দ্রবিন্দুতে থাকে, তবে আমার মনে হয় আমরা সবাই সমালোচনার মুখোমুখি হই। শেষপর্যন্ত এগুলো শুধুই বাইরের শোরগোল। আমরা সেগুলো থেকে নিজেদের দূরে রাখি এবং নিজেদের কাজে মনোযোগ দেই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে নিয়ে সমালোচনার বিষয়ে ডিয়াস বলেছেন, ‘আমাদের কারও কাছেই এটি কোন সমস্যা নয়। আমরা সবাই বিশ্বাস করি কঠিন পরিস্থিতি ভালো কিছু, কারণ এসব মুহূর্তেই বোঝা যায় আমরা আসলে কী দিয়ে গড়া। আমরা এটিকে ইতিবাচক কিছু তৈরি করার সুযোগ হিসেবে দেখি।’
চোটে প্রথম ম্যাচে না খেলা ডিয়াস উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের পরের ম্যাচে মাঠে ফিরতে পারেন।









