সরগরম দিল্লির লোকালয় এখন শীতের প্রকোপে প্রায় লোকশূন্য। তীব্র শীতে দিল্লি তাপমাত্রা নেমে এসেছে ৫ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াসে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষসহ বিমানের যাত্রীরাও।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বিমানবন্দর থেকে ছেড়ে যাবে এমন ছয়টি ফ্লাইটের সময়সূচী বিলম্বিত হয়েছে। বিলম্বিত ফ্লাইটরুট হচ্ছে, দিল্লি-সানফ্রেন্সিস্কো-কাঠমান্ডু, দিল্লি-চণ্ডীগড়-কুল্লু, দিল্লি-জয়পুর, দিল্লি-ধর্মশালা-চণ্ডীগড়, দিল্লি-শিমলা-ধর্মশালা, দিল্লি-দেরাদুন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৬ টা ১০ মিনিটে পালামে দৃশ্যমানতা রেকর্ড করা হয় ১০০ মিটার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।
পূর্বাভাসে জানানো হয়েছে, দিল্লিসহ পাঞ্জাব, উত্তর-পশ্চিম রাজস্থান, জম্মু কাশ্মীর, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, বিহার, ত্রিপুরায় ঘন থেকে খুব ঘন কুয়াশা দেখা দিতে পারে।
সম্প্রতি দিল্লির আবহাওয়া বিভাগ এক টুইটে জানায়, এই ঘন থেকে অতিরিক্ত ঘন কুয়াশার স্তর দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে পাঞ্জাব এবং বিহার পর্যন্ত বিস্তৃত।









