নরসিংদীতে বজ্রপাতে পৃথক দুইটি স্থানে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে এই ঘটনা ঘটে।
আজ শনিবার (১৮ মে) বেলা ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২)। এঘটনায় কামাল মিয়া নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়। নিহত এবং আহত সবাই আলোকবালী উত্তরপাড়ার বাসিন্দা। তারা ধান কাটতে জমিতে অবস্থান করছিলেন।
এছাড়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ জানান, নিহতরা সবাই ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত আবস্থায় সদর হাসপাতালে আনার পথে মারা যায় কাইয়ুম নামের অপরজন। এতে কামাল মিয়া নামে আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, হাজীপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।









