কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার হোসেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার স্বজনেরা। স্থানীয় পৌর কাউন্সিলর জানান, ঘটনার পর স্থানীয়রা গিয়ে মাটি চাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।








