কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। এই প্রচেষ্টায়, রাষ্ট্রদূত বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের ‘লা মানা’ প্রথা বাতিল করার জন্য শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ-এর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে পাঠানো এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশিয় জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশি।
তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কুয়েতের আইন-কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে এই মর্মে তাদেরকে অবহিত করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।









