যশোরে সম্প্রতি ঘটে যাওয়া এক হৃদয়স্পর্শী ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনা তৈরি হয়েছে সেই মা নিলিমা ও তার শিশু সন্তানকে নিয়ে। প্রধানমন্ত্রী বাস থেকে নেমে এক শিশুকে কোলে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল, যা দেশজুড়ে মানবিকতার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে উপহার পৌঁছে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যরা।
গত ২৭ এপ্রিল যশোর সফরকালে একটি গাড়িবহর নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন নিলিমা নামের এক নারী, তার কোলে ছিল ছোট্ট শিশু সন্তান। বহরটি যশোর ইনস্টিটিউটের সামনে দিয়ে যাওয়ার সময় ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন এবং শিশুটির সঙ্গে স্নেহপূর্ণ মুহূর্ত কাটান। এই দৃশ্য নিলিমার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
ঘটনার পর ওই মা ও শিশুর খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তাদের জন্য উপহার পাঠানোর উদ্যোগ নেন।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে নেতৃত্বের সংযোগকে আরও দৃঢ় করে।









