গোপালগঞ্জের পুখুরিয়ায় জোবায়ের ভুইয়া নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষে বাড়ি ফিরছিল জোবায়ের। পথে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। তারা জোবায়েরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুখুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে ‘গা ঢাকা’ দিয়েছে।









