বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) পেছানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আবেদন করেছে সিটি ক্লাব। এমন আবেদনের পর জানা যায় ক্লাবটি লিগ পেছানোর জন্য কোন আবেদন করেনি। কে বা কারা ক্লাবের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে আবেদন করেছে। বিষয়টি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার টেবিল টেনিস ফেডারেশনের উন্মুক্ত প্রাইজমানি টুর্নামেন্ট উদ্বোধন শেষে এবিষয়ে অবগত করা হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। বিষয়টি তিনি জানতেন না বলে জানিয়েছেন।
সিটি ক্লাবের বিষয় নিয়ে আমিনুল বলেছেন, ‘জাল করে এবং জাল সাইন করে সেই তথ্য দেয়া হয়, এটা আমি মনে করি গুরুতর একটি অপরাধ। এই অপরাধের জন্য অবশ্যই এটার সাথে যারা জড়িত আছে, একটি তদন্ত কমিটি করে— অবশ্যই আমি আজকের ভেতরেই তদন্ত কমিটি করে ইনশাআল্লাহ এটাকে সঠিক তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করব। কেন এই ধরনের জালিয়াতি হয়েছে এবং এই ধরনের সুযোগ কারা নিলো, এই বিষয়গুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।’
‘এটা শুধু খেলোয়াড়দের পক্ষ থেকে কিংবা একজন স্পোর্টস মিনিস্টার হিসেবে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, আমি প্রয়োজনে এই ধরনের কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেব।’









