টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে শেষমুহূর্তের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ দিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দল জার্সিতে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোট কাটিয়ে ফেরার দিনটি বল হাতে রাঙিয়েছেন পেস-অলরাউন্ডার। পরে মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারফরম্যান্স করা ছাড়া অন্যকোনো বিকল্পও নেই তার।
চোটে পড়ে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন সাইফউদ্দিন। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করে চমকে দেন। ধারাবাহিকতা ধরে রেখেছিলেন ঘরোয়া ক্রিকেটেও।
সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর ২৭ বর্ষী সাইফউদ্দিন বলেছেন, ‘প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই, আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই।’
আগে বিশ্বকাপের ঠিক আগের সিরিজে বাজে পারফর্ম করে বাদ পড়ার স্মৃতি স্মরণ করছেন সাইফউদ্দিন। বলেছেন, ‘এর আগে ২০২২ সালে বিশ্বকাপে শেষমুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বিদারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শেখ মেহেদী হাসান-তাসকিন আহমেদ-সাইফউদ্দিন আহমেদের বোলিং তোপে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয়। সহজ লক্ষ্য তাড়ায় টিম টাইগার্স ২৮ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে বিজয় নিশ্চিত করে।









