চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া প্রথম ৪টি বিষয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ আগস্ট বাংলা ১ম, ১ সেপ্টেম্বর বাংলা ২য়, ৩ সেপ্টেম্বর ইংরেজি ১ম এবং ৫ সেপ্টেম্বর ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে।
এর আগে গত শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, চট্টগ্রামে টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে।
এই তিন শিক্ষা বোর্ডে ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।








