এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মায়ের মৃত্যুর কারণে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এ আদেশ দেন। এর আগে প্যারোলে মুক্তির জন্য চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর (৭২) মারা যান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্ময়ের প্যারোলের আবেদন মঞ্জুর করে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বলেন, প্যারোলের আদেশের বিষয়টি তারা শুনেছেন। আদেশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হবে।
২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের আইনে মামলাটি করা হয়। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার কাছ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।
এর পরদিন, ২৬ নভেম্বর, চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।









