অভিন্ন ভবিষ্যৎমুখী আন্তর্জাতিক সম্প্রদায় গড়ে তুলতে সব ধরণের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশসহ সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে চীন।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এই কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে ওয়াং ওয়েনবিন বলেছেন, একটি দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল বিশ্বের মনের কথাই বলেছেন।
চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ওয়াং ওয়েনবিন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়, অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সমুন্নত রাখতে এবং নিজেদের বাস্তবতার সঙ্গে মানানসই একটি উন্নয়নের পথ অনুসরণের প্রশ্নে বাংলাদেশকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি।









