তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ডস’। শনিবার সন্ধ্যায় চ্যানেল আই চত্বরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রদান করা হবে সম্মানজনক এই আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘অ্যাওয়ার্ডস’ এর আসর।
যেখানে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ অনেকেই। সেই সঙ্গে উপস্থিত থাকবেন টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল মাধ্যমে কাজ দিয়ে আলোচনায় আসা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।
‘চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ডস’ কর্তৃপক্ষ জানান, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত কাজগুলো মূল্যায়নের আওতায় এনে সেখান থেকে ‘অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে।
এবার মোট ২১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হচ্ছে। মনোনয়নের উপর জুরি বোর্ডের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে অবদান ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে গেল বছরের মতো এবারও যুক্ত এই আয়োজনে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। এর সঙ্গে আছে হাইটেকপার্ক, এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া এবং এজ।
দেশের ডিজিটাল অগ্রযাত্রায় মেধাবীদের ক্রমবিকাশ মূল্যায়নে এই আয়োজন। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানটি শিগগির চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।









