চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় দোকান ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম ওজনের ব্রিটিশ আমলের ভারতীয় রুপি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার থেকে এগুলো উদ্ধার করা যায়।
উদ্ধারকৃত রুপি দামুড়হুদা মডেল থানা পুলিশ জব্দ করেছে।
স্থানীয়রা জানায়, কার্পাসডাঙ্গা গ্রামের মৃত দিলু মন্ডলের ছেলে সহিদুল ইসলাম কার্পাসডাঙ্গা বাজারের সাইকেল হাট সংলগ্ন স্থানে তার নিজের জমিতে দোকান ঘর নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি খুঁড়ছিলেন। এক পর্যায়ে ড্রেজার মেশিনে একটি পিতলের কলস ভাঙা অবস্থায় উঠে আসে। কলসটিতে রুপার মুদ্রা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রুপার মুদ্রাসহ কলসটি জব্দ করে। পরে স্থানীয় সংবাদকর্মীদের সামনে রুপার মুদ্রাগুলো ওজন করে। ১ হাজার ৮৬১টি মুদ্রার ওজন হয় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম। ওই রুপার মুদ্রাগুলো ছিল ১৮৬৫ সাল থেকে ১৯০২-১৯১০ সালের মধ্যকার।
এ বিষয়ে সহিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান মানিক বলেন, আমরা বাজারের সাইকেল হাঠ সংলগ্ন নিজেদের জমিতে দোকান ঘর নির্মাণ করার জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি খুঁড়া হচ্ছিল। মাটি খুঁড়ার সময় প্রায় ৪ ফুট গভীর থেকে মেশিনের সাথে একটি পিতলের কলস উঠে আসে। ঐ কলসে কয়েন দেখতে পেয়ে আমরা কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে। পরে সেগুলো দমুড়হুদা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, মাটি খুঁড়তে গিয়ে রুপার কয়েন পাওয়া গেছে জানতে পেরে ঘটনাস্থলে স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেগুলো জনসম্মুখে খুলে ওজন করে মডেল থানায় নিয়ে আসা হয়। পরে থানায় পুনরায় সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে সেগুলো ওজন করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি। পুনরায় পরীক্ষা-নিরিক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।









