অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ পিপিএম (৭২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আব্দুর রউফ ১৯৫০ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ষাইটশালা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করে ২০০৭ সালের ২২ জানুয়ারি অবসর নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রথম জানাযা আজ বৃহস্পতিবার সকাল সাতটায় কুমিল্লায় তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় জানাযা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সহসভাপতি (সাবেক ডিআইজি) ওয়ালিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।
পরে বাদ আসর রাজধানীর মধুবাজার জামে মসজিদে মরহুমের তৃতীয় ও শেষ জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
আইজিপির শোক
সাবেক আইজিপি মো. আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার এক শোক বাণীতে বলেন, মরহুম আব্দুর রউফ একজন পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে গেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে তার বিরোচিত ভূমিকা ও অনন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।









