আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত একটি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এই পরিস্থিতিতে বাইডেন জানিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না তিনি।
সিএনএন জানিয়েছে, গতকাল ৬ জুন স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি সাক্ষাৎকারে ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা না করার কথা জানান।
মূলত গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। বর্তমানে এই মামলার বিচার কাজ চলছে।
বাইডেনের ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্যের অপব্যবহার বা আসক্ত হওয়ার পাশাপাশি বেআইনিভাবে বন্দুক কেনা এবং সেটি নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।









