ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনেও। ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল অনিশ্চয়তা, এখন সেটি আরও গভীর হল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে তারা সেই সভায় অংশগ্রহণ করবে না। ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে এ সভা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআই ঢাকায় অনুষ্ঠিত সভায় যোগ দিচ্ছে না। বিসিসিআই থেকে এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি মহসিন নাকভিকে এ বিষয়ে জানানো হয়েছে। সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান রাজনৈতিক উত্তেজনা।
ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, বিসিসিআইয়ের উপর চাপ প্রয়োগ করতেই এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকায় সভা করতে চান। বিসিসিআই ছাড়া এ সভা সম্ভব না। কারণ এসিসি এর প্রধান সদস্য দেশগুলো ছাড়া কোন সিদ্ধান্ত নেয়া হলে সেটা অবৈধ বলে গণ্য হবে। বিসিসিআই ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান ক্রিকেট বোর্ড জানিয়েছে ঢাকায় সভা হলে তারা অংশ নেবেনা।
কেবল ৫ দিন বাকি আছে সভার, ভেন্যু পরিবর্তনের বিষয়ে এসিসির পক্ষ থেকে সিদ্ধান্ত এখনও আসেনি। ২০২৫ এশিয়ান কাপ ভারতে হাওয়ার কথা থাকলেও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে সেখানে খেলা নিয়ে সংশয় আছে। ভারত থেকে ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় নেওয়ার কথা উঠেছিল।









