হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশে ইউরিয়া সারের দাম আরও বাড়তে পারে এবং একই সঙ্গে গুরুতর সার সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দেশের খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশই সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া সার মজুদ রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। অন্যদিকে গ্যাস সংকটের কারণে দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ডব্লিউএফপির আশঙ্কা, চলমান এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হতে পারেন।









